বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন
শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন আহবায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন রেজিস্ট্রার হেমায়েত মিয়া। এছাড়া বক্তব্য দেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব এবং হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল, এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের পূজা রায়, গণিত বিভাগের সাজ্জাদ হোসেন সুজা, পদার্থবিজ্ঞান বিভাগের সোহেল রানা, রসায়ন বিভাগের সোহাদা জান্নাত নার্গিছ ও আল বারাদী এবং সিএসই বিভাগের জুই রানী নাথ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।