জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের আহ্বায়কসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত মনোনয়নপত্র না থাকায় অনিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের আহ্বায়ক মো. শওকত হাসান মিঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া একভাগ ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও কৃষক লীগের সহসভাপতি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা মীর শরীর হাসান লেনিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়নবঞ্চিত শরিফুল ইসলাম ফরহাদ খান এবং অর্ণব ওয়ারেছ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
দলীয় প্রধানের নমুনা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত স্বাক্ষরের মিল না হওয়ায় জাতীয় পার্টির (লাঙ্গল) ভাইস চেয়ারম্যান
মোস্তফা আল মাহমুদের মনোনয়নপত্র এবং ঋণ খেলাপি থাকায় জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এসময় বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর ড. ছামিউল হক ফারুকী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালানোয় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের আহ্বায়ক মো. শওকত হাসান মিঞার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। আওয়ামী লীগের ছায়াতলে থেকে বঙ্গলীগ প্রতিষ্ঠা করে ভোল পাল্টে বিএনপির মনোনয়ন চাওয়ায় শওকত হাসান মিঞাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন তাঁরা। তবে এসবে তাঁর প্রচারণায় ছেদ পড়েনি। বিপরীতে তিনি ইসলামপুর থেকে কয়েকজন সাংবাদিককে ঢাকায় ডেকে নিয়ে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ (উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), সাধারণ সম্পাদক হাফিজ লিটন (উপজেলা তাঁতী লীগের সভাপতি), সদস্য লিয়াকত হোসাইন লায়ন (পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক) এবং দপ্তর সম্পাদক হোসেন রানা (উপজেলা কৃষক লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক)।
এরপর গত ২২ডিসেম্বর বিএনপির দলীয় মনোনয়নে নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যে ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শওকত হাসান মিঞা।
৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে