লালপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আশ্রম কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুরের শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই আশ্রমের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি ও সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) দুপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই আশ্রম চত্বরে
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার ।
তিনি বলেন, বাংলা ১১০৪ সালে প্রতিষ্ঠিত প্রায় ৩২৮ বছরের প্রাচীন এই আশ্রমটি শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইয়ের নিজস্ব সম্পত্তি। প্রতিষ্ঠালগ্ন থেকে আশ্রমটি নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের মৃত সুধির কুমার মণ্ডলের পুত্র উত্তম কুমার মণ্ডল গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে লালপুর আমলি আদালতে সিআর মামলা নং-৭৫৬/২০২৫ (লাল) দায়ের করেন। উক্ত মামলায় আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার ও প্রধান সেবাইত পরমানন্দ সাধুসহ সাতজনের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ আনা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । উক্ত মামলা সংক্রান্ত বিষয়ে গত ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর ও একপেশে। আশ্রমের আয়-ব্যয় সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয় এবং প্রতিবছর নবান্ন অনুষ্ঠানে ভক্তবৃন্দ ও বৈষ্ণব সম্প্রদায়ের উপস্থিতিতে হিসাব উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার বাদী উত্তম কুমার মণ্ডল নিজেকে আশ্রমের সভাপতি দাবি করলেও বাস্তবে তিনি কোনোভাবেই আশ্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত নন। এ সংক্রান্ত বিষয়ে পূর্বে আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার বাদী হয়ে লালপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ১৯ মার্চ ২০২৫ তারিখে উত্তম কুমার মণ্ডলসহ তার সহযোগীদের আশ্রম পরিচালনা, নতুন কমিটি গঠন এবং আশ্রমের শান্তিপূর্ণ ভোগদখলে বাধা প্রদান থেকে বিরত থাকার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
এছাড়াও ২৮ জুলাই ২০২৫ তারিখে উত্তম কুমার মণ্ডল ও তার সহযোগীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আশ্রম এলাকায় প্রবেশ না করার মুচলেকা প্রদান করেন। এরপরও আদালতের আদেশ অমান্য করে গত ১১ নভেম্বর ও ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আশ্রম দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন আশ্রম কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে উত্তম কুমার মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগও তুলে ধরা হয়। তার বিরুদ্ধে নাটোর আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি বর্তমানে GR-৬৭/২৫ (লাল) মামলায় জেলহাজতে রয়েছেন। পাশাপাশি রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের করা একটি মামলাও চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে প্রকৃত ও নিরপেক্ষ সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।