শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, শাকসু নির্বাচন কয়েক দফা পেছানোর পর ২১ জানুয়ারি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা আশা করেছিল, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাজনীতি হবে না। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, সুযোগ পেলেই একটি মহল চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাস রাজনীতিতে তাদের অন্তর্দ্বন্দ্ব ও সংঘর্ষের কারণে দুই শতাধিক সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে, যা শিক্ষাঙ্গনের শান্ত পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ডাকসু নির্বাচনে ভরাডুবির পরেও তারা শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থের কথা না ভেবে অপরাজনীতির পথেই হাঁটছে।
আল মামুন অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এ সময় বক্তারা দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়ন, ক্যাম্পাসে সুষ্ঠু ও সহিংসতামুক্ত ছাত্ররাজনীতি নিশ্চিত করার দাবি জানান।
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ ঘন্টা ১৮ মিনিট আগে
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৯ মিনিট আগে