মোংলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ইতিহাসে প্রথমবারের মত উপকূলের ৬৬টি ভোটকেন্দ্রে ড্রোন ক্যামেরায় নজরদারি চালাবে কোস্ট গার্ড পশ্চিম জোন। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে ১০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড পশ্চিম জোন জানিয়েছে, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চল খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহে ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে ১০ প্লাটুনে ৫৮৮ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন ক্যামেরায় নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মিডিয়া কর্মকর্তা জানান, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাবে।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং অর্পিত দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে।’
১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ ঘন্টা ২ মিনিট আগে