“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। উদ্বোধন শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা ও দায়রা আদালতের এজলাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বাহাউদ্দিন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও এম কে মুরাদুজ্জামান, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবসহ অন্যান্যরা। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) নূর-ই-জাহিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও সিনিয়র সহকারী জজ কাজী নুসরাত আরিফ। এতে আরও বক্তব্য দেন প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হরিদাস সাহা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মমিন এবং সুবিধাভোগী মোছা. পুতুল বেগম।
আলোচনা সভায় জানানো হয়, গত এক বছরে জেলা লিগ্যাল এইড অফিসে মোট ৮১১টি মামলা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সংক্রান্ত আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৭টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং এডিআরের মাধ্যমে সফলভাবে নিষ্পত্তি হয়েছে ২৩৩টি বিরোধ। বর্তমানে ২৯১টি মামলা নথিভুক্ত রয়েছে এবং ২০০টি মামলা বিচারাধীন অবস্থায় আছে। এছাড়া ১,০২৩ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।
এডিআরের মাধ্যমে ১১৯টি চলমান মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে মোট ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিরোধে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি ও জমি পুনরুদ্ধার করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং বিচারপ্রার্থী জনগণ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে