পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা, হত্যা, মসজিদ-মাদ্রাসা ও গোরস্থান ভাঙচুর এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজ শেষে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সাতক্ষীরা’র উদ্যোগে শহরের নিউ মার্কেট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ইমাম, হাফেজ এবং সাধারণ মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের বাড়িঘর, দোকানপাট, মসজিদ-মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে তারা উল্লেখ করেন। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানি কোনো সভ্য সমাজের জন্য কাম্য নয়। তারা অবিলম্বে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় বক্তারা মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিশ্বের যেখানেই মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হবে, সেখানেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। পাশাপাশি নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সাতক্ষীরা’র সভাপতির সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, হাফেজ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে