সাতক্ষীরায় চেক জালিয়াতির একাধিক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মামুনুর রশিদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় পৌরসভার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শেখ মামুনুর রশিদ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার শেখ হারুন অর রশিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতি সংক্রান্ত একাধিক মামলায় আদালত থেকে সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ মামুনুর রশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মোট পাঁচটি সিআর মামলা বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার কর্মকর্তা আবু মুছা জানান, ভোমরা বন্দরের ব্যবসায়ী ও “মেসার্স মুন ইন্টারন্যাশনাল”-এর স্বত্বাধিকারী শেখ মামুনুর রশিদ ব্যবসায়িক উদ্দেশ্যে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ গ্রহণ করেন। কিন্তু সময়মতো ঋণের অর্থ পরিশোধ না করায় তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ চেক জালিয়াতির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করে।
ব্যাংক সূত্রে আরও জানা যায়, বর্তমানে শেখ মামুনুর রশিদের কাছে ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা। ব্যাংকের পাওনা আদায়ে বারবার নোটিশ ও তাগিদ দেওয়া হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। পরে আদালতের নির্দেশে মামলাগুলোর বিচার কার্যক্রম সম্পন্ন হয় এবং আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।
২ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ৫ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৩০ মিনিট আগে