“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সাধু জর্জের ধর্মপল্লী মরিয়মনগর মিশন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু, সিএসসির সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. অনার্শন চাম্বুগং। এছাড়াও বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, কারিতাস ঝিনাইগাতী উপজেলা অফিসের সালসেং মৃ, সিস্টার সিমা, গাসু গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা সৌহাদ্য চিরান এবং বাগাছাস ঝিনাইগাতী শাখার রুবেন নকরেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও সেবাকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ, স্বাস্থ্য-তথ্য ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন ঝুঁকি হ্রাস এবং সুস্থ নবজাতক নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি আদিবাসী নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে তাঁদের জন্য সহজলভ্য, নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, নলকুড়া সিবিও দল, বারুয়ামারী জিএনজি দল এবং মরিয়মনগর মিশন ওয়াইসিএস। অনুষ্ঠানে সাধু জর্জের ধর্মপল্লী মরিয়মনগর মিশন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের উপকারভোগীসহ কয়েক শতাধিক গারো, কোচ, হাজং ও বর্মন আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আগের দিন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর তরুণরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
২ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ ঘন্টা ৫৪ মিনিট আগে