লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২।
লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২।
লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ দিকে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয়ভাবে বিরোধটি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।