শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ৭০ বছরের বেশি বয়সী জমেলা বেগম প্রায় এক দশক ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে একটি হুইলচেয়ার পেয়ে দীর্ঘ ১০ বছর পর ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পেলেন তিনি।
জমেলার দুর্দশার কথা সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের। মঙ্গলবার দুপুরে তিনি জমেলার বাড়িতে গিয়ে তার হাতে একটি হুইলচেয়ার, নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় জমেলা নিজে চলাফেরা করতে পারেন না। দীর্ঘদিন ধরে বিছানায় শুয়েই দিন কাটছিল তার। জেলা প্রশাসনের সহায়তায় হুইলচেয়ারে বসিয়ে তাকে ঘরের বাইরে আনা হলে দীর্ঘদিন পর মুক্ত বাতাসে কিছুক্ষণ সময় কাটান তিনি।
জেলা প্রশাসক জানান, জমেলার বসতভিটায় মাটি ভরাট, একটি নিরাপদ ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে প্রয়োজনীয় সরকারি সহায়তার আওতায় আনারও উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর আগে স্বামীকে হারান জমেলা। একমাত্র ছেলে জীবিত থাকলেও নিয়মিত খোঁজখবর নেন না। প্রায় ২০ বছর আগে মেয়েও মারা যান। অসুস্থতার পর চিকিৎসার খরচ জোগাতে নিজের বসতভিটার মাটিও বিক্রি করতে হয়েছে তাকে। অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা ছাড়াই দিন কাটছে তার।
যে ঘরে তিনি থাকেন, সেখানে এতদিন বিদ্যুৎ সংযোগও ছিল না। স্থানীয়দের সহযোগিতায় কোনোভাবে খাবারের ব্যবস্থা হলেও চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও দৈনন্দিন প্রয়োজনীয় সহায়তার অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “জমেলা বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়িয়েছি। তাকে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তার জন্য নিরাপদ ঘর, বিদ্যুৎ ও স্যানিটেশনের ব্যবস্থা করা হবে।”
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম কমল, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাজীবুল ইসলাম, সাংবাদিক ও ইউপি সদস্য জাহিদুল হক মনির ও সাংবাদিক মুজাহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ ঘন্টা ০ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ ঘন্টা ২২ মিনিট আগে