‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহায়তায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অন্তু বলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া কারিতাসের ঝিনাইগাতী উপজেলা সীডস কর্মসূচির সমন্বয়কারী অনন্যা সাংমাসহ সীডস প্রকল্পের আওতাধীন কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও)-এর নেতৃবৃন্দ, সংলাপ ফোরামের কিশোরী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিরাপদে অবস্থান, আত্মরক্ষার কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। সিবিও সদস্য ও সংলাপ ফোরামের কিশোরীরাও মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করবে। একই সঙ্গে দুর্যোগের ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব আরও বাড়বে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্কুলশিক্ষার্থী, সংলাপ ফোরামের কিশোরী ও সিবিও সদস্যসহ মোট ২০৫ জন অংশগ্রহণ করেন।
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে