বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ
বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের মাঝে ৫০টি ভ্যান বক্স ও ৫০টি হ্যান্ড ট্রলি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৬ টায় নগরীর আমানতগঞ্জ গ্যারেজে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। নগরীর ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের কাজের সুবিধার্থে এসব সরঞ্জাম প্রদান করা হয়।
বিসিসি সূত্রে জানা যায়, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা, পরিচ্ছন্নতা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের কাজ সহজ ও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভ্যান বক্স ও হ্যান্ড ট্রলি ব্যবহারের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলমসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।