চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭ সামনে রেখে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ লায়ন মো. ছালাহ উদ্দীনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদেও প্রার্থী ঘোষণা করা হয়। শনিবার কমর আলী ইউনিয়ন উচ্চ বিদাালয় অডিটোরিয়ামে আয়োজিত প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি আবদুল জব্বার। প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির। হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মফিজুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু ইউসুফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন এবং উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আলহাজ লায়ন মো. ছালাহ উদ্দীন রয়েছেন। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মোবারক হোসেন, ২ নম্বর ওয়ার্ডে খাজা মাইন উদ্দীন, ৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহীম, ৬ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দীন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে আবু ছালেক, ৮ নম্বর ওয়ার্ডে ছালামত উল্ল্যাহ এবং ৯ নম্বর ওয়ার্ডে নুরুল মোস্তফার নাম ঘোষণা করা হয়। সংরক্ষিত নারী সদস্য পদে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান নিশিতা এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খাতিজা বেগমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে জনসম্পৃক্ত রাজনীতি ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। ইউনিয়নের মানুষের প্রত্যাশা ও স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে প্রার্থীদের সততা, যোগ্যতা ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তা মাওলানা নুরুল কবির বলেন, জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। হাইতকান্দি ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথিরাও ইউনিয়নের বিভিন্ন সমস্যা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আসন্ন নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ লায়ন মো. ছালাহ উদ্দীন বলেন, ২০০৪ ও ২০১১ সালের নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে বিপুল ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন। সেই সমর্থন ও ভালোবাসাকে তিনি মূল্যায়ন করেন। ২০২৭ সালের নির্বাচনে আবারও সবার আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কাজ করবেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে