আন্তর্জাতিক স্কাউট যোগাযোগ, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্প ফর জোটা-জোটি ২০২৬’। থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মোট ১০৮ জন অংশগ্রহণকারী অংশ নেন।
ক্যাম্পের প্রথম দিনে অংশগ্রহণকারীরা ক্যাম্পের তাঁবু স্থাপন ও শিবির সাজানোর কাজ সম্পন্ন করেন। পরে গ্রুপের সিএসটি অংশগ্রহণকারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এর মাধ্যমে ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ, দলীয় চেতনা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
দ্বিতীয় দিনে বিপিপিটি, ক্যাম্প এলাকা পরিদর্শন, প্যাট্রল পরিদর্শন ও পতাকা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এদিন জোটা-জোটি কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা অ্যামেচার রেডিও ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন দেশের স্কাউটদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান। এ ক্যাম্পের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে *S21HRG* বিশেষ অ্যামেচার রেডিও কল সাইন সংগ্রহ করা হয়।
এ ছাড়া অংশগ্রহণকারীরা বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন বাংলাবান্ধা এলাকা পরিদর্শন করেন এবং সেখানে কুচকাওয়াজে অংশ নেন। রাতে অনুষ্ঠিত ভিজিল কার্যক্রমের মাধ্যমে স্কাউটদের দায়িত্ববোধ, সতর্কতা, শৃঙ্খলা ও দলগত কাজের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।
ক্যাম্পের তৃতীয় দিনে সৃজনশীল ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তা ও দলগত দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হয়। দিনের শুরুতে সহচর রোভারদের দীক্ষা গ্রহণ ও দিনের শেষে অনুষ্ঠিত হয় ক্যাম্পফায়ার ও বিশেষ ভোজ। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে।
ক্যাম্পের শেষ দিনে অংশগ্রহণকারীরা তেঁতুলিয়ার একটি মনোরম ভিউপয়েন্ট থেকে বাংলাদেশের দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করেন। পাশাপাশি তেঁতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পরে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে আমন্ত্রিত হয়ে অংশ নেন ট্রেজার হান্ট কার্যক্রমে। এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সমস্যা সমাধান, সহযোগিতা ও দলগত কাজের দক্ষতা চর্চার সুযোগ হয়।
সব কার্যক্রম শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্প গুছিয়ে রেলস্টেশনের উদ্দেশে রওনা হন এবং ঢাকার পথে যাত্রা শুরু করেন।
আয়োজকদের এই উদ্যোগ স্কাউটদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, নেতৃত্ব, শৃঙ্খলা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বিকাশের পাশাপাশি তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একটি স্মরণীয় সুযোগ তৈরি করেছে।
মুশফিকুল কবির
রোভার মেট
থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপ
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০ ঘন্টা ৩৭ মিনিট আগে