নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরীহাট ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়।

প্রভাষক সাইদুল ইসলামের সঞ্চালনায় ও চৌধুরীহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আফতাব উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আফতাব উদ্দীন বলেন,
“তোমাদের প্রতিযোগিতা এখন আর শুধু কবিরহাট কলেজ, বসুরহাট কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নয়। বর্তমান সময়ের চাকরির বাজার আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে।

তোমাদের প্রতিদ্বন্দ্বী এখন বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের যোগ্যতা অর্জন করতে হবে। নিজেকে প্রশ্ন করো—তুমি কি সেই যোগ্যতা অর্জনের পথে এগোচ্ছো? শুধু সনদ নয়, প্রয়োজন দক্ষতা, চিন্তা-শক্তি ও আত্মবিশ্বাস।”

সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী বলেন,“তোমাদের মাঝে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন। যারা আজ বিদায় নিচ্ছো, তোমরাই আগামীর সমাজ, রাষ্ট্র ও জাতির নেতৃত্ব দেবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো, নিয়মিত চর্চা ও সাধনার মাধ্যমে নিজেকে গড়ে তোলো। মনে রেখো, সৎ চরিত্র, মানবিকতা ও নৈতিকতা ছাড়া প্রকৃত সফলতা আসে না। তোমাদের প্রতিটি সাফল্যে আমরা গর্বিত হবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চরপর্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনছারী, আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, চৌধুরীহাট বিজয়মান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক, এবং ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির আহাম্মেদ।


এছাড়াও উপস্থিত ছিলেন চৌধুরীহাট ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান ফেরদৌস,সহকারী অধ্যাপক শাহ আলম, আশিষ কুমার মজুমদার, হালিমা খানম, ইমরান হোসেন, জনাব লুতফুল আহমেদ শরিফ, দীপংকর চৌধুরসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গণ্যমান্য অতিথিরা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক বার্তা দেন।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
বিদায় মুহূর্তে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দ, কৃতজ্ঞতা আর ভবিষ্যতের স্বপ্ন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024