|
Date: 2025-06-23 23:20:25 |
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব স্কাউটিংয়ে অসাধারণ কৃতিত্বের জন্য অর্জন করেছে কাব স্কাউটের সর্বোচ্চ স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’।
জাতীয় পর্যায়ের বিভিন্ন স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এই পদকের জন্য মনোনীত হয় আদিব। সে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ধাপে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
সোমবার (২৩ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘শাপলা কাব অ্যাওয়ার্ড ’-এর বিজয়ী আদিব সহ অন্যান্য দের হাতে পদক তুলে দেন।
বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের ৫০০-এর বেশি স্থানে একযোগে স্কাউট কার্যক্রম শুরু হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়।
তাহমিন ইসলাম আদিব বলেন,“আমি এ পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। এটি স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক এবং আমার আত্মবিশ্বাস ও মানবিক চেতনাকে আরও উজ্জীবিত করেছে। স্কাউটিং আমাদের শুধু শিক্ষা দেয় না, এটি দেশপ্রেম, সমাজসেবা ও মানবিক সহানুভূতি গঠনে সাহায্য করে। এ অর্জনের পেছনে আমার কাব লিডার রাজিব স্যার, স্কুলের শিক্ষক ও আমার বাবা-মায়ের অবদান অনস্বীকার্য।”
তিনি আরও জানান, সূর্য গ্রুপের আওতায় তিনি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, সমাজসেবা, খেলাধুলা, প্রাথমিক চিকিৎসা, কৃষি ও পশুপালন, চিত্রকলা, দড়ির কাজ, কম্পিউটার ও রান্নাসহ ৪০টির বেশি কার্যক্রমে সরাসরি অংশ নেন।
আদিবের মা ইসরাত জাহান বলেন,“স্কাউটিং একটি মুক্তাঙ্গনের শিক্ষা যা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এটি শিশুদের নৈতিকতা ও জীবনের সঠিক পথ চিনতে শেখায়।”গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও স্কাউট শিক্ষক রাজীব আহমেদ জানান,“আমার প্রশিক্ষণের ছাত্র আদিব জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পাওয়ায় আমরা গর্বিত। আশা করি, সে ভবিষ্যতেও দেশ ও সমাজের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।”
স্কাউটিংয়ের জনক লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৯৯ সালে যাত্রা শুরু করেন। একজন কাব স্কাউটকে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পেতে হলে দীর্ঘ প্রশিক্ষণ, ব্যাজ অর্জন, কাব কার্নিভাল, ক্যাম্পিং ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। এ ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে তাহমিন ইসলাম আদিব এ বছর এই সম্মান অর্জন করেছে।
© Deshchitro 2024