মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা ও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।


পূর্বাভাসে বলা হয়, এসময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ, যা দিনের বেলায় ঘামঝরা পরিবেশ তৈরি করতে পারে তবে হালকা বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি আনতে পারে।


এদিকে আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল- এই আট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসব এলাকায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টিও। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।


অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024