|
Date: 2025-06-25 13:04:37 |
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত অনলাইন নিউজ পোর্টাল মিজানের এক প্রতিবেদনের বরাতে স্থানীয় সময় বুধবার (২৫ জুন) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিন জন নাগরিককে ফাঁসি দিয়েছে। বুধবার সকালে দেশটির উত্তর-পশ্চিম ইরানের তুরস্ক সীমান্তবর্তী শহর উর্মিয়ার একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তবে ঠিক কবে বা কখন তাদের গ্রেফতার করা হয়েছিল তা জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, এই তিনজন বিশেষভাবে প্রশিক্ষিত গুপ্তচর হিসেবে কাজ করছিলেন এবং ‘মদ্যপানযোগ্য পণ্যের চালানের’ আড়ালে দেশটিতে হত্যাকাণ্ডের সরঞ্জাম পাচার করছিলেন।
এতে আরও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পৃথিবীতে অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল, যা ইরানে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান আরও অন্তত তিনজনকে মৃত্যুদণ্ড দেয়।
© Deshchitro 2024