|
Date: 2025-06-27 16:01:14 |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ১০০ নম্বরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় রবীন্দ্র নজরুল কলা ভবনের দুটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান প্রমূখ।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, আজকে আমাদের মোট পরীক্ষার্থী ছিল ৭৬৪ জন। এর মধ্যে উপস্থিত ১৮০ জন। তো প্রতিবারের মতোই এবারও আমাদের উপস্থিতির হার কম। এটা অনেক কম। কিন্তু অন্যান্য বারের চেয়ে এবারে বেশি এবং ছেলেরা যেভাবে পরীক্ষা দিচ্ছে, যেভাবে প্রশ্ন লিখছে, তাতে আমরা আশা করছি যে বিভাগের কোনো সংকট থাকবে না। আর আমরা নতুন মানুষ, অভিজ্ঞতা কম। এই হিসাবে আমাদের ছোটখাটো ত্রুটি থাকতে পারে। কিন্তু বড় ধরনের কোনো ত্রুটি, ছাত্রদের কোনো অভিযোগ আমাদের কানে এখনো পৌঁছে নি। আমাদের সকল সহকর্মী যারা আমাদেরকে হেল্প করেছেন, তারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে হেল্প করেছেন। ভিজিল্যান্স টিম এসেছেন সবাই প্রায়, সিনিয়র প্রফেসর কয়েকজন এসেছেন। ভাইস-চ্যান্সেলর স্যারের যারা সতীর্থ এবং সহকর্মী তার প্রশাসনিক যারা সবাই এসেছেন। সন্তোষ প্রকাশ করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। ফাইন আর্টস তার প্রতিষ্ঠাকে আরও সংহত করবে।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সুশৃঙ্খলভাবে গুচ্ছের ২০২৪-২৫ সেশনের পরীক্ষার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে। আমরা আশা করি, এর মাধ্যমে ভালো শিক্ষার্থীদের উঠিয়ে নিয়ে আসতে পারব।
পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে জানতে চাইলে মানসম্মত প্রশ্ন হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা।
© Deshchitro 2024