|
Date: 2025-06-28 05:51:58 |
কুড়িগ্রামের চিলমারীতে অর্থের অভাব যখন মেধাবী আসমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ভেঙে দিতে বসেছিল, সে সময় আসমার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজ পাড়া এলাকার মেধাবী শিক্ষার্থী আছমা খাতুন (১৭)। ছোটবেলা থেকেই শিক্ষাক্ষেত্রে রেখেছেন মেধার স্বাক্ষর। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে তার ভর্তি আটকে যায়। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ইউএনও বরাবর সহায়তা চেয়ে আবেদন করেন ওই মেধাবী শিক্ষার্থী। আবেদনের প্রেক্ষিতে মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়েছেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে ইউনও এস কে বসাক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য নগদ ২০ হাজার টাকা আছমার হাতে তুলে দেন। ইউএনও'র সহায়তা পেয়ে খুশি আছমা সহ তার পরিবার।
শিক্ষার্থী আছমার মা দৈনিক দেশচিত্রকে বলেন, আমার মেয়ে অনেক কষ্টে পড়াশোনা করেছে। বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ২০ হাজার টাকা লাগবে জানার পর কোনো টাকা জোগাড় করতে পারিনি, কোন উপায়ও ছিল না। পরে ইউএনও স্যার জানতে পেরে পুরো টাকা দিয়ে আমার মেয়ে ও আমাদের স্বপ্ন পূরনের পথটা সহজ করে দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক দৈনিক দেশচিত্রকে জানান, আছমার মতো মেধাবী যারা অর্থের অভাবে স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ার উপক্রম তাদের সহযোগীতার জন্য উপজেলা প্রশাসন সর্বদা দৃষ্টি রাখছে। তাদের স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।
© Deshchitro 2024