বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি ও মজুদ রাখার দায়ে বিক্রেতা রাম হাওলাদার (৩৬) কে আটক করেছে যৌথ বাহিনী। রাম হাওলাদার উপজেলার পৌর এলাকার দঃ হিন্দুকান্দির পাথারু হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির হোসাইনের যৌথ নেতৃত্বে সারিয়াকান্দি বাজারে নিষিদ্ধ জাল নিধনের অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এসময় সারিয়াকান্দি মাছ বাজারের পাশে অসাধু জাল ব্যবসায়ী রাম হাওলাদারের জালের দোকান ও বাড়ি থেকে ৭৫,৬০০ ফুট নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানানিক দল। এরপর সারিয়াকান্দি সেনা ক্যাম্পে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। ভ্রাম্যমাণ অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন সহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, সরকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে এই নিষিদ্ধ জালগুলো ব্যবহার করে আসছে। সেনাবাহিনীর অভিযানে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার করে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে জালগুলো উপজেলার কালিতলা ঘাটে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সেনা ক্যাম্পের অভিযানে নিষিদ্ধ জাল ব্যবসায়ীকে বিপুল সংখ্যক জাল সহ আটক করা হয়েছে। নিষিদ্ধ জাল বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ০৫ ধারা অনুযায়ী আসামি কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024