|
Date: 2025-07-11 18:06:10 |
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী, বিভাগের সহকারী অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে বিভাগীয় শিক্ষাক্রম, গবেষণা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও প্রশাসনিক দায়িত্বে রয়েছেন।
তিনি সদ্যবিদায়ী চেয়ারম্যান ড. মো. আসাদুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভাগের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
একই অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের আরও ছয়টি বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণাও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুসারে দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তরের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
© Deshchitro 2024