রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার পর হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—এমন অভিযোগ উঠে বিভিন্ন মহল। তবে এ ধরনের দাবি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।


আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, গতকাল সোমবার সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। সরকারিভাবে প্রত্যেক হতাহত ব্যক্তির তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের পরিবারকে সহায়তা, আহতদের চিকিৎসা এবং নিখোঁজদের সন্ধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা এখনো শনাক্ত হয়নি, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণ করা হচ্ছে। 


সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় কারা আহত বা নিহত হয়েছেন, তা নির্ভুলভাবে প্রকাশের লক্ষ্যে সরকার, সশস্ত্র বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট হাসপাতালসমূহ একযোগে কাজ করছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024