|
Date: 2025-07-29 21:07:35 |
একটি মৃত্যু, দুটি চোখ, অজানা ভবিষ্যৎ
একটি ছোট মেয়ে, মাত্র কয়েক বছরের, তার মাকে হারিয়েছে, নিজের চোখের সামনে। পারিবারিক কলহের এক পর্যায়ে, তার বাবা চলন্ত অটো থেকে লাথি মেরে ফেলে দেন তার মাকে। কিছুক্ষণ পরেই হাসপাতালে মৃত্যু হয় মায়ের।
এখন বাবা জেলে। আর সেই মেয়েটি একা নয়—তার ১২ বছরের একটি ভাইও আছে। দুজনেই এখন মা-বাবা হারা। ভবিষ্যৎ অন্ধকারে। নিরাপত্তা নেই, নির্ভরতা নেই, ভালোবাসা নেই।
এই ঘটনা শুধু একটি পরিবারের নয়—এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা।
স্বামী-স্ত্রীর ঝগড়া, কথাকাটাকাটি, রাগ—এসব হয়। কিন্তু আমরা কি বুঝতে পারি, এই দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা, তারা হলো সন্তানরা?তারা কিছুই বোঝে না, শুধু হারিয়ে ফেলে—নিজেদের শৈশব, ভবিষ্যৎ, নিরাপত্তা। এক মুহূর্তের রাগ, প্রতিশোধ বা অপমানের কারণে তারা চিরদিনের জন্য ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়।
বাবা-মার উচিত, সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও নিজেদের মধ্যে সংযম রাখা। একটি ঝগড়া যদি দুটি শিশুর জীবন ধ্বংস করে দেয়, তাহলে সেই ঝগড়ার কোনো জয় নেই—সেখানে সবাই হারে।
আমাদের উচিত এই বাস্তবতাকে উপেক্ষা না করা। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া—না শুধু অভিভাবকদের, বরং সমাজ, প্রতিবেশী, পরিবার, প্রশাসন—সবার।
সন্তানদের চোখে যেন আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে দিতে পারি। যেন আর কোনো শিশু চোখের সামনে মা-বাবাকে হারিয়ে না ফেলে।
সাঈদ আহাম্মেদ
সহকারী শিক্ষক (ইংরেজি)
শিক্ষক প্রশিক্ষক (ইংরেজি),
এনসিটিবি ও ব্রিটিশ কাউন্সিল।
© Deshchitro 2024