আজ ১৫ আগস্ট, শুক্রবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া।


জন্মদিন উপলক্ষে বিগত কয়েক বছরের মতো এবারও থাকছে না কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। জন্মদিনে বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে দোয়া মাহফিল করবে দলটি। একইসঙ্গে ’৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলনে নিহত, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হবে।


কেন্দ্রীয়ভাবে শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।


২০১৮ সালের পর নতুন প্রেক্ষাপটে এবার দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার জন্মদিন এলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট স্থায়ী মুক্তি পান বেগম জিয়া। ফলে মুক্ত পরিবেশে এবারের জন্মদিনও কাটাবেন সাবেক এ প্রধানমন্ত্রী। তবে থাকছে না কেক কাটার মতো কোনো কর্মসূচি।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ব্যতিরেকে কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহবান জানানো হয়েছে।


বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক সময় ১৫ আগস্টে কেক কেটে তাদের নেত্রীর জন্মদিন পালন করতেন। কিন্তু ২০১৬ সাল থেকে তারা দলীয়ভাবে কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024