|
Date: 2025-08-30 15:32:58 |
রংপুর জেলা বাংলাদেশ কংগ্রেসের সদস্য সচিব ও ডাব মার্কার মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম পাটোয়ারী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, দুর্নীতিমুক্ত ও বৈষ্যমহীন সমাজ গঠন করার লক্ষ্যে জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ল্যাংড়ার বাজারস্থ প্রত্যাশা কোচিং সেন্টার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার যদি স্বাধীনতাকে ছোট করে দেখে চব্বিশকে প্রকাশ করার চেষ্টা করেন, জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবেই। বাংলাদেশ কংগ্রেস স্বাধীনতার পক্ষে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে। প্রয়োজনে স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ কংগ্রেস সবাইকে নিয়ে আন্দোলনে নামবে।
কংগ্রেস নেতা হানিফ মিয়ার সভাপতিত্বে ও রংপুর মহানগর কংগ্রেসের সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি আবু রায়হান, মিঠাপুকুর কংগ্রেসের আহবায়ক মাহাবুর রহমান, পীরগাছা কংগ্রেসের সভাপতি শাহাদত হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক হযরত আলী, ওয়ার্ড কংগ্রেসের সভাপতি নুর ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কংগ্রেস নেতা মিজানুর রহমান, বুলু মিয়া সহ আরও অনেকে।
© Deshchitro 2024