লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি | সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪


নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে মধুমতি নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এলাকার হাজারো মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মধুমতি নদীর ভাঙন ও স্থায়ী বেড়িবাঁধ না থাকায় কোটাকোল, দিঘলিয়া, ইতনা ও মল্লিকপুর ইউনিয়নের হাজার হাজার একর কৃষিজমি হুমকির মুখে রয়েছে। প্রতি বছর নদী ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও ফসল নষ্ট হয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শাহ আলম, দোলইতলা গ্রামের বিএনপি নেতা সৈয়দ শাহীন, কোটাকোল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইকরামুল, মল্লিকপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাম কিবরিয়া মোল্লা, সাংবাদিক মাসুদ পারভেজ, তৈয়ব গাজী, কামাল শেখ ও পাপু গাজী।


বক্তারা বলেন, “প্রতিনিয়ত নদী ভাঙনের কারণে হাজার হাজার কৃষকের জীবিকা হুমকির মুখে। অল্প সময়ের মধ্যে যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হয় তবে এ অঞ্চলের কৃষি অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।”


তারা আরও জানান, পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে জমি অধিগ্রহণ ও টেন্ডার প্রক্রিয়া শেষ করেছে। কিন্তু অজানা কারণে কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।


এ সময় বক্তারা দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন।





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024