যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের একমাত্র প্রবেশপথের ব্রিজটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় প্রায় ৪ হাজার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। ইউপি সদস্য ও স্থানীয়দের অভিযোগ— বারবার আবেদন করেও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো কার্যকর সমাধান মেলেনি।স্থানীয় ইউপি সদস্য আসলাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবির মুখে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ব্রিজটি নির্মাণ করা হলেও মাত্র এক বছরের মধ্যেই এটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে গ্রামের মানুষ, বিশেষ করে চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার।ব্রিজটি ভেঙে যাওয়ায় মোটরসাইকেল, অটোভ্যান, ট্রাক, ইজিবাইকসহ কোনো প্রকার যানবাহনই চলাচল করতে পারছে না। ফলে যাতায়াতের জন্য মানুষকে দীর্ঘ ঘুরপথে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

এ প্রসঙ্গে কচুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধুমাত্র এই একটি নয়, পানি উন্নয়ন বোর্ড ও আদালতের আইনি জটিলতার কারণে ঘোপ গ্রামের মোট তিনটি ব্রিজ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। দ্রুত নতুন করে ব্রিজগুলো সংস্কার করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও তীব্র হবে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একাধিকবার তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে হস্তক্ষেপের অনুরোধ জানালেও কোনো সুরাহা হয়নি। তাদের একমাত্র দাবি— যত দ্রুত সম্ভব ব্রিজগুলো সংস্কার করে প্রায় চার হাজার মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা হোক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024