|
Date: 2025-10-02 15:59:24 |
খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এর মধ্যে গুইমারা থানায় একটি হত্যা মামলাসহ দুইটি এবং খাগড়ছড়ির সদর থানায় অপর মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকালে ৪টা পর্যন্ত গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পরবর্তীতে ধান ক্ষেত থেকে তিন ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়।
এসব ঘটনায় হত্যার শিকারদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা মামলা না করায় বুধবার রাতে গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন।
এর মধ্যে হত্যা মামলায় অজ্ঞাত ১০০ ব্যক্তিকে এবং সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আড়াইশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান ওসি এনামুল।
অপরদিকে ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছে থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
এসআই শাহীন বাদী হয়ে বুধবার দুপুরে করা মামলায় অজ্ঞাত সাতশ থেকে আটশ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায়।
যদিও পরবর্তী মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পায়নি তিন সদস্যের চিকিৎসক দল।
© Deshchitro 2024