|
Date: 2025-10-03 16:40:25 |
মুন্সিগঞ্জের শ্রীনগর-সিরাজদিখান উপজেলার সংযোগস্থল কোলা পোস্ট অফিস স্ট্যান্ড সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিকটবর্তী রাস্তার বাঁকে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে থাকা একটি মোটা কড়ই গাছের কারনে প্রায় প্রতিদিনই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। দূর্ঘটনা স্থল সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, রাস্তাটি মোটা কড়ই গাছটির কারনে সোজা না হয়ে বিপজ্জনক ভাবে মোড় নিয়েছে, এতে করে মুন্সিগঞ্জ-শ্রীনগর ও শ্রীনগর-মুন্সিগঞ্জ সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যানবাহনগুলো বিপরীত দিক হতে একে অপরকে দেখতে না পারার কারনে দূর্ঘটনা ক্রমশই বাড়ছে। তাছাড়া ভারী যানবাহন চলাচলে রাস্তাটি একপাশে হেলে পড়েছে। ফলে যানবাহন সহ পথচারী পারাপারেও তৈরি হচ্ছে আতঙ্ক ও ভোগান্তি।
সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কোলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনেও নেই কোন গতি নিরোধক ব্যবস্থা। প্রতিদিন কোলা সহ নিকটবর্তী গ্রাম হতে চিকিৎসা সেবা নিতে আসা শতাধিক রোগী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে বাধ্য হচ্ছেন। গতি নিরোধক না থাকায় অধিকাংশ যানবাহনের অনিয়ন্ত্রিত গতি লক্ষনীয়। এতে বাঁক নেয়া উক্ত স্থানে যানবাহন দূর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ব্যাবসায়ী শাহ আলম জানান, "সপ্তাহে অন্তত ৪/৫ টি দূর্ঘটনা ঘটে। ক'দিন আগে বিপরীত মুখী সিএনজি ও অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্য সহ কিছু মহিলা যাত্রী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। অতি দ্রুত প্রশাসনে হস্তক্ষেপে এই গাছটির অপসারণ চাই।"
এলাকাবাসী জানান, মোটা কড়ই গাছটির কারনে রাস্তাটি সোজা নির্মিত হতে পারেনি, ফলে একটি বিপজ্জনক বাঁক তৈরি হয়েছে। এই বাঁকে গত কয়েক বছরে অনেক দূর্ঘটনা ঘটেছে, এমনকি যানবাহন মানুষ সহ খালে পতিত হয়েছে। তাছাড়া ভারী যানবাহনের মাত্রাতিরিক্ত চলাচলের কারনে রাস্তাটি খালমুখী ডেবে গিয়েছে। যা পথচারী পারাপার এবং যানচলাচলের জন্য অনিরাপদ।
এমতাবস্থায় এলাকাবাসী দূর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মোটা কড়ই গাছটির দ্রুত অপসারণ এবং কোলা পোস্ট অফিস স্ট্যান্ডের উপযুক্ত স্থানে গতি নিরোধক স্থাপনের দাবী জানিয়েছেন। আর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ডিসি মুন্সিগঞ্জ মহোদয়, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী জনগণ।
© Deshchitro 2024