রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন পর্যায় ও স্থানে চলে এ কর্মসূচি।

প্রথম পর্যায়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক আল আমিনের নেতৃত্বে অগ্নি নিবারণের মহড়া প্রদর্শন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। বিশেষ অতিথি ছিলেন থানা ওসি রোমেল বড়ুয়া সহ অন্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

দ্বিতীয় পর্যায়ে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা: উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ শিকারের নিষিদ্ধ উপকরণ জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান তুষারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। থানা ওসি রোমেল বড়ুয়া সহ অন্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

তৃতীয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার শীর্ষক সেমিনার: উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এর প্রভাব ও ব্যবহার শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আফসানা রহমান মৌরির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এআই এর প্রভাব ও প্রতিকার নিয়ে বিস্তর আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, জেলা তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি  অধিদপ্তরের সহকারী  নেটওয়ার্ক  ইঞ্জিনিয়ার রমানন্দ রায়। এতে থানা ওসি রোমেল বড়ুয়া সহ অন্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

তৃতীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে টাইফয়েড টিকাদান সম্পর্কে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম, রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা সহকারী আনোয়ারুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হক ও কেয়ার টেকার মিজানুর রহমানসহ অনেকে। বক্তারা ৯মাস থেকে ১৫বছরের কম বয়সী শিশুদের টাইফয়েডের টিকাদানে উদ্বুদ্ধ করার জন্য ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের প্রতি জোরালো আহবান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024