বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাকে কেন্দ্র করে হাতিয়া বাজার এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে অনুষ্ঠিত এই শোডাউনে হরণী এবং চানন্দী ইউনিয়ন থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্র, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।
এর আগে সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা স্পিডবোট যোগে উপজেলা সদর ওছখালী থেকে ভয়ারচর পৌঁছান। এসময় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী ভয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে বিশাল মিছিলসহ পায়ে হেঁটে তিনি হাতিয়া বাজারে প্রবেশ করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “১৭ বছর লড়াই-সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি। দলের দুঃসময়ে কর্মীদের ছেড়ে যাইনি, আগামীতেও আপনাদের সাথেই থাকবো।”
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ।