মাদারীপুর জেলার সীমানা ফরিদপুরে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন সামাজিক ও তরুণ সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, মাদারীপুর জেলার সীমানা সংকোচন করে ফরিদপুরের সঙ্গে যুক্ত করার প্রস্তাব স্থানীয় জনগণের স্বার্থবিরোধী। এটি বাস্তবায়িত হলে জেলার ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের নেতা মো. রুবেল মাহমুদ জুলাই, ‘স্বপ্ন চুরা তারুণ্য সংঘ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম সানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির জেলা কার্যনির্বাহী সদস্য হাফেজ মো. আব্দুর রহিম, সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, নেয়ামুল হোসেন জুলাই যোদ্ধাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “মাদারীপুরের সীমানা নিয়ে যেকোনো সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া গ্রহণযোগ্য নয়। জেলার অখণ্ডতা ও মর্যাদা রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা মাদারীপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024