বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীনের নেতৃত্বে মিছিলটি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীদের “তারুণ্যের অহংকার যুবদল একতার প্রতীক” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীন বলেন, “যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই সংগঠনই হবে জনগণের আশা-ভরসার প্রতীক।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে শহীদ জিয়াউর রহমান ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিয়া উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024