গত ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ডাকে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অবরোধ চলাকালীন সময়ে ছয়সূতী বাসস্ট্যান্ডে আওয়ামী পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি শহীদ রেফায়েতুল্লাহ এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার ছয়সূতী খেলার মাঠে ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যু্গ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম।

প্রধান বক্তার বক্তব্যে শরীফুল আলম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে অবরোধ কর্মসূচি পালনকালে ২০২৩ সালের ৩১ অক্টোবর ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশ বিনা উস্কানিতে কৃষক দলের নেতা বিল্লাল হোসেন ও ছাত্র দল নেতা রেফায়েত উল্লাহকে সরাসরি গুলি করে হত্যা করে বিল্লালের তিন সন্তান ও রেফায়েত উল্লাহ্ এর শিশু সন্তানকে এতিম করেছে।এমনকি এই শহীদদের নামাজে জানাজায়ও বাঁধার সৃষ্টি করেছে। পুলিশ ও র‍্যাব পাহারায় তড়িঘড়ি করে রাতের আঁধারে দাফন করতে বাধ্য করেছে। আবার এই ঘটনায় শহিদ রেফায়েত উল্লাহ ও বিল্লাল হোসেন সহ আমাদের দলীয় নেতা কর্মীদের নামে হত্যা মামলা দায়ের করেছে। তিনি আরও বলেন, স্বৈরাচার ক্ষমতা থেকে চলে গেলেও ষড়যন্ত্র এখনো চলছে। যতক্ষণ জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গত ১৭ বছর আমাদের কন্ঠ রোধ করে রেখে ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ভারতে পালিয়ে যাওয়ার পর এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চাচ্ছে বর্তমান সরকারকে অকার্যকর সরকারে পরিনত করতে। আমরা কোন ষড়যন্ত্রকেই সফল হতে দিবোনা। এসময় তিনি পুলিশের গুলিতে নিহত বিল্লাল হোসেন ও রেফায়েতুল্লাহর বিচারের দাবি করেন।

এসময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন (রতন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এড. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান ও কুলিয়ারচর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এড. মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি এড. মুহাম্মদ শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়য়ক সম্পাদক এনায়েতুল্লাহ্ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর দুপুরে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অবরোধ চলাকালীন সময়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে বিল্লাল ও রেফায়েতুল্লাহ নিহত হন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024