|
Date: 2025-11-03 00:24:43 |
স্পিডবোট ভাড়া ৬০ টাকা ও ডেনিসবোট ভাড়া ২০ টাকা নির্ধারণ করে অনতিবিলম্বে ইজারাদার নিয়োগ : ডিডিএলজি
কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌ-পারাপারঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান ঘটিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মুহাম্মদ শামীম আল-ইমরান।
এদিকে দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় অসাধু মহল ও আমলারা যোগসাজশে ঘাট ইজারা কমিটির সদস্যদের অজান্তে কোন প্রকার ইজারা ছাড়া বিগত প্রায় ৮ মাস যাবত স্পিডবোট ৮০ ও ডেনিসবোট ৩০ টাকাসহ মালামাল পরিবহণে ইচ্ছামাফিক ভাড়া আদায় এবং প্রতিবাদ করলে যাত্রী সাধারণকে অপদস্ত করে আসছে প্রশাসনের ছত্রছায়ায় থাকা অবৈধ সিন্ডিকেট চক্র। কিন্তু এ বিষয়ে কোন প্রতিবাদ করেননি স্থানীয় কোন জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহল। এ অবস্থায় সম্পূর্ণ অন্যায্য বিষয়টি অত্যন্ত সাহসীকতার সাথে প্রতিবাদ মোকাবিলা করে কুতুবদিয়ার আপামর জনসাধারণের আন্তরিক আস্থা অর্জন করেছেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন। অবশেষে ২ নভেম্বর ২০২৫ (রবিবার) ডিডিএলজি মুহাম্মদ শামীম আল-ইমরান কুতুবদিয়া সফরে এসে প্রথমে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার কার্যালয়ে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। উক্ত বৈঠকে সর্বসম্মতিক্রমে স্পিডবোট ভাড়া ৬০ টাকা ও ডেনিসবোট ভাড়া ২০ টাকা নির্ধারণ করে অনতিবিলম্বে ইজারাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে পারাপারঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করণসহ যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। জনগুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুতুবদিয়াবাসি।
© Deshchitro 2024