আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে মাহবুবের রহমান শামীমের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা যায়, মাহবুবের রহমান শামীম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি হাতিয়া উপজেলায় বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলের দুঃসময়ে ত্যাগ ও নিষ্ঠার জন্য স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার পরপরই হাতিয়া উপজেলা ও পৌরসভা জুড়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলের মাধ্যমে মাহবুবের রহমান শামীমকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, “ধানের শীষের এই প্রার্থী হাতিয়ার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠবেন। ইনশাআল্লাহ, জনগণ বিপুল ভোটে তাঁকে বিজয়ী করবে।”