ঢাকা-১৯ (সাভার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুর নাম ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত হওয়ার পর সাভারসহ পুরো নির্বাচন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।


একাধারে একজন চিকিৎসক ও বান্দব রাজনীতিবিদ হিসেবে পরিচিত ডা. বাবু দীর্ঘদিন ধরে সাভারের মানুষের সেবায় নিয়োজিত। স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে চারবার তিনি একই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন।


মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডা. সালাহউদ্দিন বাবু বলেন, "পঞ্চম বারের মতো দলের আস্থা অর্জন করলাম। দল আমাকে যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিয়েছে—এটাই আমার সবচেয়ে বড় সম্মান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাই কয়েক দিন আগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।"


তিনি দলীয় নেতাকর্মীদের আত্মসংযম এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে আরও বলেন, "উল্লাস থাকবে, তবে কোনোরূপ উসকানি, সংঘর্ষ কিংবা কাউকে হুমকি দেওয়ার সুযোগ নেই। যারা আমার সঙ্গে ছিলো ও যারা ভিন্নমত পোষণ করে—সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো।"


দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলায় সাভারের জনগণ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ডা. বাবুর উল্লেখযোগ্য জনপ্রিয়তা রয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন। তারা মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার মনোনয়ন সাভার অঞ্চলের রাজনৈতিক মাঠকে নতুনভাবে উজ্জীবিত করবে।


বিএনপি নেতাকর্মীরা জানান, এ মনোনয়ন "গণতন্ত্রের পথে একটি নতুন অগ্রযাত্রার প্রতীক"।


এদিকে, আসনটিকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক তৎপরতা আরও বেগবান হয়েছে। নেতাকর্মীদের মাঠ পর্যায়ে সংগঠন সুসংহত করার প্রচেষ্টা ইতোমধ্যে জোরদার হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024