সুদানে চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাংস্কৃতিক প্রতিরোধ কর্মসূচির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিক। নাচ, গান, কবিতা, গল্প ও চিত্রকলার মাধ্যমে সুদানের নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সংহতি জানানো হয় এই আয়োজনে।


রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।


২০২৩ সালের এপ্রিলে সুদানের ক্ষমতা দখলকে কেন্দ্র করে সেনাবাহিনী ও প্যারামিলিটারি গ্রুপ র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)–এর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। দুই বছরের বেশি সময় ধরে চলমান এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ, দুর্ভিক্ষে বিপর্যস্ত হয়েছে গোটা দেশ এবং স্থানচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ। সম্প্রতি পশ্চিম দারফুরের এল-ফাশের শহর আরএসএফ নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানেও গণহত্যার অভিযোগ উঠেছে। জাতিসংঘ বলছে, বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবিক সংকট এখন সুদানে।


পদাতিকের সভাপতি ছুটি মণ্ডল বলেন,

“মানবজাতির ওপর পরিচালিত যেকোনো নিপীড়ন বা গণহত্যা পৃথিবীর প্রতিটি ন্যায়বোধ সম্পন্ন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাই আজ পদাতিক সুদানের গণহত্যা নিয়ে কথা বলছে। পৃথিবীর যে প্রান্তেই হত্যাযজ্ঞ চলুক, তা মানবতার পরিপন্থী আর আমরা তারই প্রতিবাদ করি।”


পদাতিকের দপ্তর সম্পাদক মোঃ শওকত ওসমান স্বাক্ষর বলেন,

“সুদানে আরএসএফ কর্তৃক যে জাতিগত নিধন চলছে, পদাতিক তার তীব্র নিন্দা জানাচ্ছে। ‘সুদানের জন্য সাংস্কৃতিক প্রতিরোধ’ এই আয়োজনের লক্ষ্য যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করা, কারণ যুদ্ধ বন্ধের অন্যতম পথ এটি। পাশাপাশি এসবের পেছনে কাজ করা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।”


অনুষ্ঠনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন,

“সময় অল্প হলেও সুদানের গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে আসতে পেরে আমি কৃতজ্ঞ। এমন উদ্যোগ সত্যিই গুরুত্বপূর্ণ।”



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024