|
Date: 2025-11-09 20:47:19 |
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয়ে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার ০৯ নভেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য মাছিমপুর গ্রামের আলামিন নামের এক ব্যক্তির পুকুর থেকে এই অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই অজ্ঞাত পরিচয় ওই যুবতী মাছিমপুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাকে দেখে স্থানীয়দের মনে হয়, তিনি মানসিক ভারসাম্যহীন বা পাগলপ্রায় অবস্থায় ছিলেন। দুপুরের দিকে আলামিনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা কুলিয়ারচর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মৃত যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। তিনি এ মর্মান্তিক ঘটনার প্রতি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় যুবতী পুকুরে পড়ে ডুবে মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
© Deshchitro 2024