বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি “ঢাকা লকডাউন”-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর বাজার সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোরে তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তার দুই পাশের গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় নেতাকর্মীরা “জয় বাংলা” স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং রাস্তায় আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদাত কমিশনার) ও সদস্য সচিব সোহেল রানা তাঁদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৯ টার দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে যানবাহন চলাচল ছিল খুবই সীমিত।