|
Date: 2025-11-19 19:00:19 |
মোংলা প্রতিনিধিঃ
মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে নৌযান এর র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় এ র্যালির আয়োজন করা হয়। বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এ নৌবহর, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ নৌবহরের আয়োজন করে।
নৌবহর কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার্স সহ পরিবেশ কর্মিরা।
অতিথিরা বক্তৃতায় সরকারি-বেসরকারি দাতা সংস্থার উদ্দ্যেশ্যে বলেন, ফসিল গ্যাসের সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে কয়লা ও তেলের বিকল্প কখনোই ফসিল গ্যাস হতে পারে না।
ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন, শিল্পোন্নত দেশ গুলোর বাইরে জ্বালানি চাহিদা ৮৫% বৃদ্ধি পাবে। বাড়তি চাহিদা পূরণের জন্য ফসিল গ্যাসকে বিকল্প প্রচার করছে গ্লোবাল নর্থ’র দেশ গুলো। আমরা গ্লোবাল নর্থকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই তা হলো "ডোন্ট গ্যাস দি সাউথ"।
পরিবেশ ও উন্নয়নকর্মীরা আরে বলেন, বর্তমানে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ায় মোট ৭৬৮টি গ্যাস বিদ্যুৎ প্লান্ট প্রাক নির্মান পর্যায়ে রয়েছে। এছাড়া ১৫৩টি প্রস্তাবিত এলএনজি টার্মিনাল, ৩০০টি পাইপ লাইন নির্মান প্রকল্প এবং ২৮৪াট আবিস্কৃত গ্যাসক্ষেত্র ও গ্যাস উত্তোলন প্রকল্প উন্নয়নাধীন আছে। এসবই সবুজ পৃথিবী এবং জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিন'র আবু হাসান, পরিবেশ ও পশুর রিভার ওয়াটারকিপার্স ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, পরিবেশকর্মীরা, ইয়ুথ লিডার শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, ডলার মোল্লা, মেহেদী হাসান প্রমূখ।
উল্লেখ্য, ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ^ব্যাপী প্রতিবাদ কর্মসুচির অংশ হিসেবে গ্লোবাল সাউথের এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নানা কর্মসুচি পালিত হয়।
© Deshchitro 2024