|
Date: 2025-11-22 12:35:02 |
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে সুমাইয়া (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পরিবার জানিয়েছে, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রকাশ্যে অপমান ও হেনস্তার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নেয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার সহযোগীরা রিফাত উকিলকে সঙ্গে নিয়ে সুমাইয়ার বাড়িতে যান।
পরিবারের অভিযোগ, ওই সময় উক্ত ব্যাক্তিরা সুমাইয়া ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে অপমান-অপদস্ত করা হয়। এতে গভীর মানসিক আঘাত পায় সুমাইয়া। পরে ওই রাতেই নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২১ নভেম্বর সকালে জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।
ঘটনার পর থেকে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে শিবচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024