|
Date: 2025-11-24 15:06:43 |
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় গত ১৯ নভেম্বর সুমাইয়া (১৬) নামের এক স্কুলছাত্রী নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রিফাত উকিল নামে এক যুবকের সাথে প্রেমঘটিত সম্পর্ক নিয়ে সামাজিক চাপের মুখে এই ঘটনা ঘটে।
সুমাইয়ার মৃত্যুর পর আজ সোমবার দুপুরে তার শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীসহ শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোপ মিছিল করেছেন। মানববন্ধন ও মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “আমাদের বোনের সাথে যে অন্যায় হয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে এভাবে অপমানিত হতে না হয়।”
অভিযোগ রয়েছে, ওই গ্রামের প্রভাবশালী যুবদল নেতা ইব্রাহীম মাদবর এবং রিফাত উকিলসহ তাদের সহযোগীরা সুমাইয়ার বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে অপমান এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এই অপমান সহ্য করতে না পেরে সুমাইয়া আত্মহত্যার পথ বেছে নেয়—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর সহপাঠীরা।
মানববন্ধনের আগে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মেইন সড়ক হয়ে চান্দেরচর বাজার ঘুরে আবার বিদ্যালয়ের সামনে এসে ব্যানার হাতে অবস্থান নেয়।
উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “সুমাইয়া আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী ছিল। এমন ঘটনা আমরা কোনোভাবেই কাম্য নয়। আমরা অত্যন্ত মর্মাহত।”
তিনি আরও বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন—“কেন এখনো আমাদের বোনের মৃত্যুর সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি? এদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান সকল।শিক্ষার্থীরা
© Deshchitro 2024