|
Date: 2025-11-25 15:00:06 |
গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে বিকেএ-এর অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি সনদ প্রদান করেছে এম. জে একাডেমি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বারের নির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়াত স্বামী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে স্মরণ করে বলেন, তিনি গোয়াইনঘাটসহ সিলেটের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। জনগণের প্রতি ভালোবাসা থেকেই তিনি রাজনীতি করেছেন। সেই ধারা ধরে রেখে আমিও শিক্ষা উন্নয়নে সহযোগিতা করতে চাই।
তিনি আরও বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের সাফল্যই দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। সুশিক্ষাই মানুষকে শক্তি দেয় এবং এগিয়ে চলার প্রেরণা জোগায়।
এম. জে একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবকদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী ইয়াসিন মাহমুদ। একাডেমির প্রধান শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলিসুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য মো. মুমিনুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ শাব্বির আহমদ সানি, আবুল কালাম আজাদ ও ডা. নুর মোহাম্মদ খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আলী মেম্বার, ডা. তাজউদ্দীন, নুরুল ইসলাম মুছা মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর এডভোকেট জেবুন নাহার সেলিম তাঁর শ্বশুরের নামে প্রতিষ্ঠিত ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
© Deshchitro 2024