|
Date: 2025-11-27 22:30:54 |
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান বাপ্পি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর সহজাত অভ্যাস, আর সেবাই ছিল তাঁর রাজনীতি। দীর্ঘদিন ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে —কিন্তু মানুষের হৃদয়ে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর অবদান কোনোদিন হারাবে না।
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই নিবেদিত প্রাণ নেতাকে বিদায় জানাতে বৃহস্পতিবার বাদ মাগরিব শংকরপাশা ফারাজী পাড়ায় জড়ো হয়েছিল হাজারো মানুষের ঢল। চোখের কোণে অশ্রু, হৃদয়ে গভীর বেদনা—সবাই শুধুই বলছিল, “এমন মানুষ আর কবে পাবো?”
দীর্ঘদিন স্থানীয় রাজনীতির মাঠে সততা, উন্নয়ন, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো—এই তিন গুণেই তিনি ছিলেন আলাদা। তাঁর চলে যাওয়া মানে শূন্যতার ছায়া নেমে আসা পুরো এলাকাজুড়ে। স্ত্রী, তিন ছেলে, প্রিয় আত্মীয়স্বজন, সহকর্মী আর অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে রেখে তিনি যাত্রা করলেন অনন্তের পথে।
পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে—পৃথিবীর মাটিতে শুয়ে থাকলেও তিনি বেঁচে থাকবেন মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার স্মৃতিতে।
আল্লাহ তাআলা তাঁর সব নেক আমল কবুল করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন এটাই সকলের কামনা।
© Deshchitro 2024