শেরপুরের শ্রীবরদী উপজেলার টিলাপাড়া সীমান্ত এলাকা থেকে ২১৬ বোতল ভারতীয় আমদানি-নিষিদ্ধ মদ আটক করেছে কর্ণঝোড়া বিওপির (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি অভিযানিক দল। ৩০ নভেম্বর, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (ময়মনসিংহ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২১৬ বোতল ভারতীয় মদ এবং ১৩টি খালি বোতল উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।


ঘটনার পর রবিবার গভীর রাতে কর্ণঝোড়া বিওপির হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে সীমান্ত এলাকার ৭ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।


বিজিবি সূত্র জানায়, সম্প্রতি শ্রীবরদী সীমান্তজুড়ে মাদক ব্যবসায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নিয়মিত চেকপোস্টের অভাবে মাদক পাচার ও ব্যবহারের ঝুঁকি বাড়ছে। অভিযান চালিয়ে নিয়মিত মাদক উদ্ধার হলেও এজাহারভুক্ত আসামিদের বেশিরভাগই গ্রেপ্তার এড়িয়ে প্রকাশ্যে চলাফেরা করছে।


শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আযম জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024