|
Date: 2025-12-10 08:10:39 |
ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা চার নারীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের। সভাপতির বক্তব্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের বলেন,“বেগম রোকেয়া শুধু একজন নারী জাগরণের পথিকৃৎই নন, তিনি বাঙালি সমাজে শিক্ষার আলো, অধিকার আদায়ের সংগ্রাম এবং সাম্যের চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর লেখনী, চিন্তা ও সংগ্রাম আজও আমাদের কাছে দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।”
তিনি আরো বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। প্রতিটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে নারীরা সমানভাবে অবদান রেখে চলেছে। আজ যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছেন-তারা আমাদের সমাজের গর্ব এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।”
ইউএনও মহোদয় উপস্থিত নারীদের উদ্দেশে বলেন,“আপনারা শুধু নিজের পরিবার নয়-সমাজ ও জাতির শক্তি। আপনাদের প্রতিটি অগ্রযাত্রা আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দেয়। উপজেলা প্রশাসন নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কে.এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা এবং উপস্থিত নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠান শেষে "সফল জননী নারী" ভাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। তিনি ভাংগা পৌরসভার নূরপুর গ্রামের মসিউর রহমান মাসুদের স্ত্রী।
"শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী" হিসেবে ভাঙ্গা উপজেলা পর্যায় শ্রেষ্ঠ হয়েছেন শাহরিয়ার সুলতানা। তিনি ভাংগা পৌরসভার শাহারুল ইসলামের স্ত্রী৷ "নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী" হিসেবে ভাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন আক্তার পারভিন। তিনি ভাঙ্গা উপজেলার নুরুলাগঞ্জ ইউনিয়নের আব্দুর রহমান মিয়ার মেয়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ভাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন জোবায়দা। তিনি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বিল্লাল শেখের মেয়ে। জোবায়দা তিনি ভাঙ্গা উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাউলিবেড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক।
ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।
© Deshchitro 2024