|
Date: 2025-12-16 16:03:15 |
রণাঙ্গনের বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে দিনভর ছিল উৎসবের আমেজ এবং আত্মত্যাগের গৌরবময় স্মরণ।
সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এই সময় শহীদ বেদি ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিরা।
সকাল ৮টায় একই মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে দেশপ্রেমের আবহে প্রদর্শন করা হয় নান্দনিক ডিসপ্লে।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস অভিবাদন গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওছার হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজসেবা কর্মকর্তা আঃ আলিম, ফায়ার স্টেশন মাস্টার সুজন মিয়া সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। পতাকা উত্তোলনের পর আকাশজুড়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজয়োল্লাস করা হয়।
বিজয় দিবস উপলক্ষে সারিয়াকান্দিতে দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান। বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়, যেখানে তাঁদের আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। আলোচনা সভার পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে সেখানে বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়।
সব মিলিয়ে সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস উদযাপনে দেশাত্মবোধ ও স্বাধীনতার প্রতি গভীর মমত্ববোধের এক অনন্য চিত্র ফুটে উঠেছে।
© Deshchitro 2024